গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর

0
46
গণভোটে ‘হ্যাঁ’ ভোট
Afroza_Begum

প্রেস বিজ্ঞপ্তি: আগামী জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে দেশব্যাপী মাসব্যাপী ১৫টি কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গণভোটে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘হ্যাঁ-তে সিল, নিরাপদ বাংলাদেশ গড়ি’।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম এসব কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের জন্য ডাকসু সারা মাসব্যাপী যে ১৫টি কর্মসূচি বাস্তবায়ন করবে, তার মধ্যে রয়েছে— দেশব্যাপী সরাসরি জনসংযোগ, অনলাইন ক্যাম্পেইন, প্রদর্শনী বিতর্ক, রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনার, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, অনলাইন অ্যাকটিভিস্টদের সঙ্গে আলোচনা, ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা, গান, কবিতা ও প্রামাণ্যচিত্র প্রকাশ, বক্তৃতা প্রতিযোগিতা, পথনাটক ও মাইম প্রদর্শনী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা।

লিখিত বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোটে অংশগ্রহণ করা এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়া জুলাই শহীদদের রক্তের পবিত্র আমানত রক্ষার দায়িত্ব।”

তিনি আরও বলেন,
“দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বঞ্চিত ছিল। এই গণভোট সেই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে জুলাই সনদ বাস্তবায়িত হবে, রাষ্ট্রক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন ও শক্তিশালী হয়ে উঠবে।”

ডাকসুর ভিপি দাবি করেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন, সরকারি চাকরিতে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত হবে, সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের অংশগ্রহণ বাড়বে, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে, সব ধর্ম ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষিত হবে এবং ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে গুম, খুন, আয়নাঘরসহ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতির অবসান ঘটবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলন থেকে জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপিসহ দেশের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং সাধারণ শিক্ষার্থীদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় ডাকসু।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য মো. মিফতাহুল হোসেন আল মারুফ, রইসুল ইসলাম ও বেলাল হোসেন আপু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here