রূপালীদেশ ডেস্ক:
চট্টগ্রামবাসীর উন্নয়ন এবং চট্টগ্রামের সার্বিক অগ্রগতিতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, “চট্টগ্রাম আমার হৃদয়ে রয়েছে। চট্টগ্রাম সমিতিসহ চট্টগ্রামবাসীর উন্নয়নে আমি পাশে আছি এবং থাকব।”
২৬ এপ্রিল ২০২৬, রবিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে চট্টগ্রাম সমিতি ঢাকার ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম এমন একটি অঞ্চল যেখানে বাঙালিসহ ১২টি সম্প্রদায়ের মানুষ বসবাস করে এবং তারা দীর্ঘদিন ধরে সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে সহাবস্থান করছে। এই বৈচিত্র্যের মধ্যকার ঐক্যই চট্টগ্রামের প্রকৃত সৌন্দর্য। তিনি আরও উল্লেখ করেন, প্রাকৃতিক, সামাজিক, ধর্মীয় ও গোত্রীয় বৈচিত্র্যের অপূর্ব সম্মিলন চট্টগ্রামকে একটি অনন্য অবস্থানে নিয়ে গেছে।
চট্টগ্রামের ঐতিহ্য, ইতিহাস ও সামাজিক বন্ধনের কথা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম সমিতি ঢাকার মতো সংগঠন দেশের ভিন্ন ভিন্ন মত ও পথের মানুষকে একত্রিত করেছে। এই বন্ধন কোনোভাবেই নষ্ট হওয়া উচিত নয় এবং এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে একজন বাঙালির দায়িত্ব পাওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা। চট্টগ্রামের জনগণ তাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করে তিনি এলাকার উন্নয়ন এগিয়ে নিতে চান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী পাঁচ বছরে চট্টগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিন চৌধুরী। এ সময় পরিচিতি পর্ব শেষে সমিতির পতাকা ও চাবি নবনির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করা হয়।
দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কমিটির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত কমিটির সকল সদস্য এবং জীবন সদস্যদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা চট্টগ্রামের ঐতিহ্য ও সম্প্রীতির ধারা অক্ষুণ্ণ রেখে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।





