মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংগঠনের মাসিক পত্রিকা ‘প্রজ্জ্বলন’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সকাল সাড়ে দশটায় এটি আয়োজিত হয়। এতে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম। এছাড়াও সহ-সভাপতি ওবায়দুর রহমান আনাস ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাসিক পত্রিকা প্রজ্বলনের সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল। সহযোগী সম্পাদক, ইমানুল, সোহান, এস এম সুইট, মাহমুদুল হাসান, নুর আলম, ওবাইদুর রহমান অনাস, উদয় দেবনাথ, আহমাদ গালিব, সজীব হোসেন, তানিম তানভীর ও হাসিব আহমেদ। আর প্রচ্ছদে মিনহাজুর রহমান মাহিম।
প্রধান অতিথি অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের এখন লেখালেখির শূন্যতা শুরু হয়েছে। আমাদের ছাত্র সংগঠনগুলো যদি এগিয়ে না আসে, তা হলে এই খালি জায়গাটা পূরণ হবে না। আমি আমার ছাত্র ইউনিয়নের কমরেডদের অনুরোধ করবো তারা যেন এই চর্চাটা অব্যাহত রাখে। শিক্ষার্থীদের মাঝে যেন তারা এই চর্চাটা গড়ে তোলে।’
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘প্রগতিশীলতার চর্চা কীভাবে করতে পারি, সমাজ এবং দেশের পক্ষে আমরা কীভাবে কাজ করতে পারি। আমাদের এ লেখা অব্যাহত রাখবো। আগামী দিনেও আমাদের এভাবে প্রকাশনা বের হবে।’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ আলোকচিত্র প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।





