মায়ানমার পাচারের সময় আটক, উদ্ধার ওয়াকি-টকি, ট্যাব ও বোট
চট্টগ্রাম, ৯ মে ২০২৫:
চট্টগ্রামের পতেঙ্গা উপকূল থেকে মায়ানমারে অবৈধভাবে পাচারের সময় ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে উদ্ধার করা হয়েছে ওয়াকি-টকি, ট্যাব, চার্জার, সাবমার্সিবল পাম্প এবং একটি ইঞ্জিনচালিত কাঠের বোট।
শুক্রবার (৯ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ মে ভোর ৪টার দিকে কোস্ট গার্ডের পতেঙ্গা আউটপোস্টের একটি বিশেষ দল চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক কাঠের বোট আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় বোট থেকে উদ্ধার করা হয়:
-
১০টি আধুনিক ওয়াকি-টকি সেট
-
১০টি ওয়াকি-টকি চার্জার
-
২টি সাবমার্সিবল পাম্প
-
১টি স্যামসাং ট্যাব
-
পাচারের কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত কাঠের বোট
এ সময় বোটে থাকা ৬ পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অবৈধ পাচার কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
আটককৃত পাচারকারীরা হলেন:
-
মোঃ সাইফুল (৩০), কক্সবাজার
-
মোঃ আক্কাস (৩০), ভোলা
-
মোঃ লোকমান (৪৫), ভোলা
-
মোঃ জসিম (৩৫), ভোলা
-
মোঃ মোতাহার (৬২), ভোলা
-
মোঃ ইব্রাহিম (২৫), ভোলা
পরে আটক ব্যক্তিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ায় নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনার ফলে পাচার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্বাক্ষরিত/
হারুন-অর-রশীদ
লেফটেন্যান্ট কমান্ডার (বিএন)
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড





