স্টাফ রিপোর্টার:
মাগুরার শ্রীপুর উপজেলায় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে প্রধান শিক্ষক মো: ফয়জুর রহমানকে অপহরণ করে তিন লক্ষ টাকা চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ফয়জুর রহমান শ্রীপুর উপজেলার মাচাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এজাহারে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি তিনি বিএনপির উর্ধ্বতন নেতাদের জানালে অভিযুক্তরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৭ এপ্রিল সোমবার, ১ নম্বর আসামী মুন্সী সোহেল তাকে ফোন করে শ্রীপুর গ্রামে তাদের রাজনৈতিক অফিসে ডেকে নেয়। সেখানে পৌঁছালে, উপস্থিত ৪-৫ জন ব্যক্তি তার মোবাইল ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয় এবং অফিসের দরজা বন্ধ করে শারীরিকভাবে নির্যাতন শুরু করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, চাঁদার ৩ লক্ষ টাকা দিতে অস্বীকার করায় তাকে অস্ত্রের মুখে চোখ-মুখ বেঁধে চন্দনপাড়া বাগানবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে মারধর করা হয়। পরে স্ত্রীকে ফোন দিয়ে ৩ লক্ষ টাকা দাবি করা হয়। স্ত্রী ১ লক্ষ টাকা দিতে রাজি হলে তাকে ছেড়ে দেওয়া হয়, তবে বাকি ২ লক্ষ টাকার জন্য পুনরায় চাপ দেওয়া হয়। এই প্রেক্ষিতে, ভুক্তভোগী নিজ ব্যাংক একাউন্টের চেক স্বাক্ষর করে দিলে তার মোবাইল ও মোটরসাইকেল ফেরত দেওয়া হয়।
পরবর্তীতে উর্ধ্বতন নেতাদের সহযোগিতা না পেয়ে মামলা দায়ের করতে বাধ্য হন ভুক্তভোগী। তবে এই বিষয়ে মাগুরা শ্রীপুর থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।





