ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম: আবারও রক্তাক্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এবার প্রাণ গেলো নারী-শিশুসহ ১০ জনের। এদের মধ্যে ঘটনাস্থলে ৭ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় চিকিৎসাধীন আছেন আরও দুইজন।
বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে তিনজনের পরিচয় মিললেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে নিহতরা হলেন-সাধনা মণ্ডল, দিলীপ বিশ্বাস ও অর্ক বিশ্বাস।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৩ জন নারী, ৫ জন পুরুষ ও দুইজন শিশু। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহত এক শিশু ও এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম অভিমূখী একটি রিলাক্স পরিবহনের যাত্রীবাহি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই লোহাগাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ চালিয়ে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
এর আগে জাঙ্গালিয়া এলাকায় ঈদের দিন (৩১ মার্চ) সকালে দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত এবং ৬ জন আহত হয়। এ বিষয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ৭ জনের লাশ উদ্ধার করা করি। নিহতদের মধ্যে ২ জন নারী, একজন কন্যাশিশু ও ৪ জন পুরুষ। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে নিহতদের লাশ দোহাজারী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শিশুসহ ৭ জন নিহত হন। এছাড়া হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে ১০ জনে। হাসপাতালে নিহত ৩ জনের পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া ঘটনাস্থলে থেকে মাইক্রোবাস চালকের মোবাইল উদ্ধার করা হয়েছে।
এদিকে বার বার দূর্ঘটনা রোধে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবী উঠেছে যাত্রীসাধারণসহ বিভিন্ন মহল থেকে। এবিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহনে আশ্বস্থ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি দূর্ঘটনাস্থল পরিদর্শন করে তাঁর ভ্যারিফাইড ফেসবুক পেইজে এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন বলে জানান। বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান, লোহাগাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের ডেপুটি এর্টনী জেনারেল ফরিদ উদ্দীন খান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।





