মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি: শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে সংগঠনটির সমন্বয়ক এস এম সুইট, তানভির মণ্ডল, গোলাম রাব্বানীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, “ছোট্ট আছিয়ার মর্মান্তিক মৃত্যু আমাদের ব্যথিত করেছে। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই বলেই আজ এমন অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। বিচারহীনতার এই সংস্কৃতি আর চলতে দেওয়া যাবে না। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধের দুঃসাহস না দেখায়।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবির অন্যতম সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “মহান আল্লাহ যেন আছিয়ার গুনাহ মাফ করে তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা সরকারের কাছে জানতে চাই— আপনারা কী করছেন? আগের সরকারের আমলে হয়তো বিভিন্ন কায়দায় ধর্ষকদের রক্ষা করা হতো, কিন্তু আপনারাও কি সেই একই পথ অনুসরণ করছেন? জনগণ এখন ৬ মাসের বিচারের প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা ধর্ষণের সাথে সাথেই অপরাধীর কঠোর শাস্তি চায়। যদি মানুষের অনুভূতি বোঝার সক্ষমতা না থাকে, তাহলে ক্ষমতা ছেড়ে দিন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবির প্রধান সমন্বয়ক এস এম সুইট বলেন, “আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে চাই। আজ আমাদের আছিয়ার জন্য দাঁড়াতে হচ্ছে, কাল আরেকজনের জন্য দাঁড়াতে হবে। এই বাস্তবতা চলতে দেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা আর না ঘটে।”
সমাবেশ শেষে শিক্ষার্থীরা শিশু আছিয়ার আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা আদায় করেন।





