মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল
টাঙ্গাইলে পেশাজীবী গাড়ি চালকদের “পেশাগত দক্ষতা ও সচেতনতা” বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় পেশাজীবী গাড়ি চালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, বিআরটিএ টাঙ্গাইল অফিসের মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন, রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক এবং সাংবাদিক মৃণাল কান্তি রায় প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক পেশাজীবী গাড়ি চালক অংশগ্রহণ করেন।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক তার বক্তব্যে বলেন, “মাদকদ্রব্য থেকে দূরে থাকা এবং সচেতনভাবে গাড়ি চালানো একটি চালকের জীবন ও পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। একটি দুর্ঘটনা শুধু চালকই নয়, পুরো পরিবারকেও ধ্বংস করে দিতে পারে।” তিনি দুর্ঘটনা পরবর্তী প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারণাও প্রদান করেন।
মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন বলেন, “গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিজে নিরাপদ থেকে যাত্রীদের দিন শেষে নিরাপদে গন্তব্যে পৌঁছানো প্রতিটি চালকের দায়িত্ব। গাড়ি চালানো একটি সম্মানজনক পেশা। তাই আইন মেনে এবং সুস্থ জীবনযাপনের মাধ্যমে এই পেশাকে আরও নিরাপদ ও সম্মানজনক করে তুলতে হবে।” তিনি আরো জানান, বিআরটিএ নিয়মিতভাবে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চালকরা জানান, এ ধরনের রিফ্রেশার্স প্রশিক্ষণের মাধ্যমে তারা নিরাপদভাবে গাড়ি চালনার নানা গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সচেতন হয়েছেন। তারা বিআরটিএ কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজনের অনুরোধ জানান।





