রূপালীদেশ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৫তম আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে জগন্নাথ হল এবং ছাত্রীদের গ্রুপে রোকেয়া হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে কবি জসীম উদ্দীন হল এবং ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল রানার্স-আপ হয়েছে।
ব্যক্তিগত ইভেন্টে ছাত্রদের মধ্যে জগন্নাথ হলের শিক্ষার্থী জুনান চাকমা চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. আসিফ মেহমুদ আবাবিল রানার্স-আপ হয়েছেন। অন্যদিকে, ছাত্রীদের ব্যক্তিগত ইভেন্টে রোকেয়া হলের শিক্ষার্থী হালিমাতুল সাদিয়া চ্যাম্পিয়ন এবং একই হলের শিক্ষার্থী ইফরিত ফাইজা ইমি রানার্স-আপ হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক, ডাকসুর ক্রীড়া সম্পাদকসহ আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।





