মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। রবিবার (২ মার্চ) দুপুর ১টার দিকে সমাজকল্যাণ বিভাগের পরীক্ষা কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাঝহারুল ইসলাম নাঈম এবং সাদ্দাম হোসেন হল ছাত্রলীগের নেতা মারুফ আহমেদ। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের মারধর করেন।
জানা গেছে, সমাজকল্যাণ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অভিযুক্ত দুইজনও পরীক্ষায় অংশ নেন। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা তাদের চিহ্নিত করে প্রতিবাদ শুরু করেন।
বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অনুষদ ভবনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক দুইজনকে থানায় সোপর্দ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, আটককৃতরা বিভিন্ন সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দিয়েছেন এবং ক্যাম্পাসে সহিংসতায় জড়িত ছিলেন। তারা পরীক্ষা দিতে এসে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিভাগের শিক্ষকরা প্রক্টরিয়াল বডির সহায়তায় তাদের থানায় সোপর্দ করেছেন। তারা বর্তমানে আটক রয়েছেন। নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে ২০১৩ সালের আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া তাদের বিরুদ্ধে আগের কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
