Home অর্থবাণিজ্য জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

0

রূপালীদেশ ডেস্ক:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির জন্য ই-লার্নিংকে একটি সময়োপযোগী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মীদের দক্ষ করে তোলা সম্ভব হবে।

সোমবার (১১ মে) রাজধানীর এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে আয়োজিত “ই-লার্নিং কনটেন্ট ডেভেলপমেন্ট” বিষয়ক ইনসেপশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন “ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)” এর আওতায় “ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)” এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আজহারুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এখন সময়ের দাবি। এজন্য ই-লার্নিং কনটেন্ট উন্নয়ন কার্যক্রম দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ বেলাল হোসেন আরও বলেন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়, প্রয়োজন যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থাও। ই-লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকৌশলীরা যেকোনো স্থান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন, যা সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় করবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে এমন মানসম্পন্ন কনটেন্ট তৈরি হবে যা মাঠপর্যায়ের কর্মীদেরও দক্ষ মানবসম্পদে পরিণত করবে।

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের প্রতিনিধিরা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ই-লার্নিং কনটেন্ট ডেভেলপমেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিষ্ঠানের কনটেন্ট ডেভেলপার মোঃ ইমরান হোসেন ও মোঃ মিজানুর রহমান এবং এজিএম মোঃ শরিফুল ইসলাম ডিজিটাল প্রশিক্ষণ কনটেন্টের কাঠামো, মডিউল উন্নয়ন, ব্যবহারবান্ধব ডিজাইন ও অনলাইন প্রশিক্ষণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা জানান, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়কে সহজ ও বাস্তবভিত্তিক উপায়ে উপস্থাপন করা হবে, যাতে প্রকৌশলীরা দ্রুত ও কার্যকরভাবে জ্ঞান অর্জন করতে পারেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে সড়ক, সেতু, ড্রেনেজ ব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো নির্মাণে জলবায়ু ঝুঁকি মোকাবিলার আধুনিক পদ্ধতি এসব কনটেন্টে অন্তর্ভুক্ত করা হবে।

কর্মশালায় এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, সৈয়দা আসমা খাতুন, মোল্লা মিজানুর রহমান, কাজী সাইফুল কবীর, মোঃ ওয়াহিদুজ্জামান ও মোঃ গোলাম মওলা। এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আখতার হোসেনসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

ক্রিম্প-ক্রিলিক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন ও ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং বিশেষজ্ঞ পরামর্শক মোঃ আব্দুল নূর, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সাদেকুর রহমান ভূইয়া, মোঃ মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে দেশের অবকাঠামো উন্নয়নে এখন জলবায়ু সহনশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রেক্ষাপটে প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে ডিজিটাল প্রশিক্ষণ কার্যক্রম চালু করা সময়োপযোগী উদ্যোগ।

তারা আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে প্রচলিত প্রশিক্ষণ ব্যবস্থার পাশাপাশি অনলাইনভিত্তিক প্রশিক্ষণ প্ল্যাটফর্ম গড়ে তোলা হলে দেশের বিভিন্ন অঞ্চলের প্রকৌশলীরা সহজেই আধুনিক জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে অবহিত হতে পারবেন। এতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দক্ষতা যেমন বাড়বে, তেমনি টেকসই অবকাঠামো নির্মাণও নিশ্চিত হবে।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা ই-লার্নিং প্ল্যাটফর্মকে আরও কার্যকর ও বাস্তবমুখী করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক পরিকল্পনা ও মানসম্পন্ন কনটেন্টের মাধ্যমে এই উদ্যোগ দেশের স্থানীয় সরকার প্রকৌশল ব্যবস্থাপনায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version