Home অর্থবাণিজ্য সুনামগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন, ডিজিটাল লেনদেনে উৎসাহ

সুনামগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন, ডিজিটাল লেনদেনে উৎসাহ

র‍্যালি, উদ্বোধন ও সচেতনতামূলক কার্যক্রমে শহরজুড়ে ক্যাশলেস ব্যাংকিংয়ের বার্তা

0

সুনামগঞ্জ প্রতিনিধি:
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে এক বর্ণাঢ্য ক্যাশলেস ব্যাংকিং র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং নগদহীন লেনদেনকে জনপ্রিয় করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে অবস্থিত পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রিয়াঙ্গন মার্কেটে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে প্রিয়াঙ্গন মার্কেট প্রাঙ্গণে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান মো. রুহুল আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল লেনদেনের গুরুত্ব দিন দিন বাড়ছে এবং বাংলাদেশও সেই ধারায় দ্রুত এগিয়ে যাচ্ছে। ক্যাশলেস ব্যাংকিং শুধু সময় সাশ্রয়ই করে না, বরং এটি নিরাপদ ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করে।

তিনি আরও বলেন, “ক্যাশলেস বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য ডিজিটাল সেবা প্রদানই এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূবালী ব্যাংক সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শামসুল হক, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক, পরিচালক আমিনুল ইসলাম সেলিম, নূরে আলম, সদস্য সেলিম হায়দার ও রেজাউল করিমসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক জয়নাল আহমেদ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসার ঘটলে অর্থনীতির গতি আরও বাড়বে। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়ম কমে আসবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হবে। তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারের আহ্বান জানান।

তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। ক্যাশলেস ব্যাংকিং কীভাবে ব্যবহার করতে হয়, এর সুবিধা কী এবং নিরাপদ লেনদেনের উপায় সম্পর্কে সরাসরি প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। এছাড়া গ্রাহকদের হাতে-কলমে দেখানো হচ্ছে মোবাইল অ্যাপ, এটিএম কার্ড, পিওএস মেশিন ও কিউআর কোড ব্যবহার করে কীভাবে সহজে লেনদেন করা যায়।

এসময় গ্রাহকদেরকে ক্যাশলেস ব্যাংকিং সম্পর্কে সচেতন করা হয় এবং এর গুরুত্ব তুলে ধরা হয়। অনেক গ্রাহক এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে তারা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন এবং নিজেরাও ডিজিটাল লেনদেনে আগ্রহী হচ্ছেন।

পূবালী ব্যাংকের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের মধ্যে প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়বে এবং ধীরে ধীরে নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমে আসবে। ফলে বাংলাদেশ দ্রুত একটি ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version