Home জাতীয় ঢাবিতে এএইচএফবি’র বার্ষিক সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাবিতে এএইচএফবি’র বার্ষিক সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতায় গুরুত্বারোপ

0

রূপালীদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েশন অব হামবোল্ট ফেলোজ বাংলাদেশ (এএইচএফবি)-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে গবেষণা ও উদ্ভাবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এএইচএফবি’র সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এএইচএফবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রামিসাহ ইসলাম ও তাসফিয়াহ তাহসিন প্রিমা।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আধুনিক বিশ্বের অন্যতম প্রধান চালিকাশক্তি। শিক্ষা ও গবেষণার প্রতিটি স্তরে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্ল্যাটফর্ম আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বাংলাদেশের অর্থনীতি, প্রযুক্তি এবং নারীর ক্ষমতায়নের অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ধারায় জার্মানির সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর জোর দেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ‘গবেষণা ও উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতি’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তপন কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রিয়াজুল ইসলাম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোকসানা পারভীন বিভিন্ন ক্ষেত্রে আধুনিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ভূমিকা তুলে ধরেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version