Home জাতীয় ঢাবিতে দিনব্যাপী ফিউচার বায়োটেকনোলজিস্টস সামিট অনুষ্ঠিত

ঢাবিতে দিনব্যাপী ফিউচার বায়োটেকনোলজিস্টস সামিট অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডিএনএ দিবস উপলক্ষে তরুণ গবেষকদের মিলনমেলা

0

রূপালীদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ফিউচার বায়োটেকনোলজিস্টস সামিট এবং ৬ষ্ঠ আন্তর্জাতিক ইয়াং বায়োটেকনোলজিস্টস কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এই সামিটে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত আয়োজনের সৃষ্টি হয়।

নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (এনওয়াইবিবি)-এর উদ্যোগে আন্তর্জাতিক ডিএনএ দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

এনওয়াইবিবি’র নির্বাহী পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূবের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারপার্সন ড. সামিনা আহমেদ এবং অ্যারিস্টোফার্মার পরিচালক সাদমান শাহরিয়ার হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. আদনান মান্নান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. মাহিন রানা ও রিনভী নুসরাত প্রাপ্তি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, এ ধরনের সামিট ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন জ্ঞানচর্চার ক্ষেত্র উন্মোচনে এই আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে। অভিজ্ঞ ও নবীন গবেষকদের এই মেলবন্ধন দেশের টেকসই উন্নয়নে কাজে লাগাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, এই সামিটে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫০ জন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কংগ্রেস নতুন উদ্ভাবনকে উৎসাহিত করবে এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় জিনোমিক্স ও এআই-চালিত বায়োটেকনোলজির উদীয়মান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version