Home শিক্ষাঙ্গন ঢাবিতে নবীনদের উচ্ছ্বাস, পরিচিতি সভায় ভবিষ্যৎ গড়ার দিকনির্দেশনা

ঢাবিতে নবীনদের উচ্ছ্বাস, পরিচিতি সভায় ভবিষ্যৎ গড়ার দিকনির্দেশনা

0

রূপালীদেশ ডেস্ক:

সংবাদ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ পথচলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন নৃত্যকলা বিভাগের উতিয়া ইসলাম, আইন বিভাগের মোসাম্মৎ নুসরাত জাহান এবং ফার্মেসি বিভাগের লোকমান হেকিম ইমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র-উপদেষ্টা তানজিনা বিনতে নূর। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান এবং ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে কাটানো আগামী কয়েকটি বছরই তাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে তুলবে। তাই শুরু থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রথাগত চিন্তার বাইরে গিয়ে উদ্ভাবনী চিন্তাভাবনা করতে হবে এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জনের জন্য পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, ক্লাব, অলিম্পিয়াড ও খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কলা, আইন ও ফার্মেসি অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা নবীন শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version