রূপালীদেশ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামকে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।
জানা যায়, এই নিয়োগ ২২ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং অনধিক ৯০ (নব্বই) দিন অথবা নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত—যেটি আগে ঘটবে—ততদিন পর্যন্ত বহাল থাকবে।
উল্লেখ্য, সামাজিক বিজ্ঞান অনুষদের পূর্ববর্তী ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান সম্প্রতি পদত্যাগ করায় পদটি শূন্য হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে এই নিয়োগ প্রদান করে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ভারপ্রাপ্ত ডিনের নেতৃত্বে অনুষদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে।
