মাগুরায় সরকারি গাছ কাটা, চর দখল, চাঁদাবাজি, ডাকাতি, তেল ও গরু চুরির অভিযোগে বিএনপিও অঙ্গ, সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ ও সদস্য সচিব মোহাম্মদ মনোয়ার হোসেন খান স্বাক্ষরিত জেলা বিএনপির প্যাডে এ কারণ দর্শানোর নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যেমে প্রকাশিত হয়।
অভিযুক্তরা হলেন, শ্রীপুর থানা স্বেচ্ছাসেব দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর, বিএনপি নেতা খন্দকার খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বদরুল আলম লিটু, শ্রীপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম মোল্যা, বিএনপি কর্মীর সাচ্চু ও স্বেচ্ছাসেবক দলের সদস্য রাতুল। আগামী সাত দিনের মধ্যে তাদেরকে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।
৭ নেতাকর্মীর মধ্যে শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.জাহাঙ্গীর, বিএনপি নেতা খন্দকার খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিপন ও শ্রমিক দলের আহ্বায়ক সেলিম মোল্যার বিরুদ্ধে অভিযোগ তারা সরকারি জায়গার গাছ কাটা, চাঁদাবাজি, চর দখল, পাশাপাশি ডাকাতি ও মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও সংগঠন পরিপন্থী কাজে জড়িত। এছাড়া বিএনপি নেতা সাচ্চুর বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে, গরু চুরি, গাছ কাটা, ভ্যান চুরি, অন্যের গাছ কাটা, অন্যের জমি দখল। স্বেচ্ছাসেবক দলের সদস্য রাতুলের বিরুদ্ধে অভিযোগ হিসেবে লেখা হয়েছে চর দখল, তেল চুরি, গাছ কাটা, ভ্যান চুরি, অন্যের জমি দখল।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছে আমরা তাদেরকে নোটিশ করেছি। আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছে। দুর্নীতিবাজ যেই হোক দলের সে যতো গুরুত্বপূর্ণ পদে থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।
