Home সারাদেশ “শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি”—নাটোরে মে দিবসের সমাবেশে দুলু

“শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি”—নাটোরে মে দিবসের সমাবেশে দুলু

0

সাকিল হোসাইন, নাটোর প্রতিনিধি:
“শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র ও স্বাধীনভাবে কথা বলার অধিকার অর্জন করেছি”—বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন।

বৃহস্পতিবার (১ মে), মহান মে দিবস উপলক্ষে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

দুলু বলেন, “গত ৫ আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনার স্বৈরশাসনের পতন হয়েছে। সেই আন্দোলনে নাটোরের তিন গার্মেন্টস শ্রমিক—সোহেল, রমজান ও হৃদয়—ঢাকায় অংশগ্রহণ করেন এবং তারা জীবন উৎসর্গ করেন। তাদের রক্তেই আমরা আজ গণতন্ত্রের আলো দেখতে পাচ্ছি। তারা আমাদের স্বাধীনভাবে কথা বলার পথ তৈরি করে দিয়েছেন।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৫ বছর নাটোরের শ্রমিকরা মে দিবস পালন করতে পারেনি। আজ তাদের ত্যাগ, সাহসিকতা ও সংগ্রামের ফসল হিসেবে আমরা এ সমাবেশ করতে পেরেছি। যারা শ্রমিকদের গুলি করে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নয়তো জনগণের আদালতে তাদের জবাবদিহি করতে হবে।”

সরকারবিরোধী বক্তব্যে উত্তপ্ত রাজনৈতিক বার্তা

সমাবেশে দুলু আরও বলেন, “আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করে দেশের গণতন্ত্রকে হরণ করেছে। তারা নাটোরসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। যারা এসব করেছে, তাদের এখন জনগণ গণধোলাই দেবে যদি পুলিশ তাদের গ্রেপ্তার না করে। কারণ এরা রাজপথে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যা করেছে।”

তিনি বলেন, “দেশ আজ শ্রমিকের রক্তে অর্জিত মুক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শ্রমিক শ্রেণি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।”

সভায় অন্যদের বক্তব্য

জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান বুলুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মো. সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ও বিএনপি সদস্য নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান এবং সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version