Home শিক্ষাঙ্গন সমাজ ও মানবকল্যাণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান

সমাজ ও মানবকল্যাণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান

ঢাবি উপাচার্যের বার্তা—দক্ষতা, মানবিকতা ও দায়িত্ববোধে গড়ে উঠুক নতুন প্রজন্ম

0

রূপালীদেশ ডেস্ক:

সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে যাতে তাদের দ্বারা সমাজ ও মানুষের কোনো ক্ষতি না হয়।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান শিক্ষার সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহার করে নিজেদের ভালো মানুষ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কেবল পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে সহ-শিক্ষামূলক কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণ করতে হবে। পরিশ্রম, অধ্যবসায় এবং বাস্তব দক্ষতার মাধ্যমে যুগোপযোগী গ্র্যাজুয়েট হিসেবে নিজেকে প্রস্তুত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের শিক্ষার্থী বিশাখা দত্ত এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থী প্রথমা গাঙ্গুলী। তারা বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রা নিয়ে তাদের প্রত্যাশা ও স্বপ্নের কথা তুলে ধরেন।

পরিচিতি সভায় সামাজিক বিজ্ঞান অনুষদসহ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, সুযোগ-সুবিধা এবং দায়িত্ব সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করেন বলে আয়োজকরা জানান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version