Home জাতীয় ঢাবিতে নবীনদের উচ্ছ্বাসে পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাবিতে নবীনদের উচ্ছ্বাসে পরিচিতি সভা অনুষ্ঠিত

১ম বর্ষ শিক্ষার্থীদের দক্ষতা, দায়িত্ববোধ ও বৈশ্বিক প্রস্তুতির আহ্বান

0

রূপালীদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান। এছাড়া প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবার, সমাজ ও জাতির প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্বায়নের এই প্রতিযোগিতামূলক যুগে টিকে থাকতে হলে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ওঠার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শুধু একাডেমিক শিক্ষাই নয়, বরং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন বহুমাত্রিক দক্ষতা। বাংলা ভাষার পাশাপাশি অন্তত একটি বিদেশি ভাষায় পারদর্শিতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবীমা ও অন্যান্য সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন একাউন্টিং বিভাগের তাসনিম সুলতান হিমেল, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অনিক দে এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের রাফিহা তাহরিন ইসলাম। তারা বিশ্ববিদ্যালয়ে নতুন যাত্রা নিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষা ও অনুভূতির কথা তুলে ধরেন।

পরিচিতি সভায় বিজনেস স্টাডিজ ও চারুকলা অনুষদের পাশাপাশি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণে অনুপ্রাণিত হন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version