রূপালীদেশ ডেস্ক:
শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের সঙ্গে একাডেমিক সংযোগ জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘আমরা নারী’ এবং ‘একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ (GarmentTechBD)’-এর পৃথক দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়, যা উচ্চশিক্ষা ও বাস্তবমুখী দক্ষতার সমন্বয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সমঝোতা স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। ‘আমরা নারী’-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান এবং GarmentTechBD-এর পক্ষে স্ট্র্যাটেজিক পার্টনার ড. হেনরি সু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট (SPSU)-এর উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ, ‘আমরা নারী’-এর কোষাধ্যক্ষ তাসনুভা আরেফিন এবং GarmentTechBD-এর উপদেষ্টা আবদুস সালামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
‘আমরা নারী’-এর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব বিকাশ, জনস্বাস্থ্য সচেতনতা, গবেষণা এবং সাংস্কৃতিক কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি কমিউনিটি উন্নয়নমূলক কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক, ইন্টার্ন এবং প্রকল্প সহকারী হিসেবে কাজ করার সুযোগ পাবেন। একই সঙ্গে শিক্ষকরা উপদেষ্টা, প্রশিক্ষক, মেন্টর ও গবেষণা সহযোগী হিসেবে যুক্ত হতে পারবেন।
অন্যদিকে, GarmentTechBD-এর সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রশিক্ষণ, সিমুলেশন প্রোগ্রাম, বুট ক্যাম্প, কর্মশালা এবং ই-লার্নিং প্ল্যাটফর্মের সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া গবেষণা প্রকল্প, ইন্টার্নশিপ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (DPP) এবং সার্কুলার ইকোনমি বিষয়ক উদ্যোগেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যৌথভাবে কাজ করার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় অংশের স্থানীয় সমন্বয়কারী হিসেবে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট (SPSU) দায়িত্ব পালন করবে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অংশীদারিত্বমূলক উদ্যোগ দেশের উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থানমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণদের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।
