ডেস্ক রিপোর্ট:
নিউইয়র্ক, ২৫ এপ্রিল ২০২৫
সব নাগরিকের অধিকার সুরক্ষায় সাংবিধানিক নিশ্চয়তা বজায় রাখা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
জাতিসংঘের আদিবাসী-বিষয়ক স্থায়ী ফোরামের ২৪তম অধিবেশনে অংশ নিয়ে এ বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক।
গত বুধবার (২৩ এপ্রিল), নিউইয়র্কে অনুষ্ঠিত এ অধিবেশনে তিনি বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেন। উল্লেখ্য, চলতি বছরের ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এ ফোরামের অধিবেশন চলবে ২ মে পর্যন্ত।
সচিব মো. আব্দুল খালেক তাঁর বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরেন। একইসঙ্গে তিনি পার্বত্য চট্টগ্রামে প্রচলিত ভূমি ব্যবস্থাপনার বিষয়েও আলোকপাত করেন, যা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণ বিধির আওতায় পরিচালিত হয়ে আসছে।
তিনি বলেন, “সরকার পার্বত্য অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, ও ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে নিয়মিত আর্থিক সহায়তা ও বরাদ্দ প্রদান করে যাচ্ছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “নৃ-গোষ্ঠী ও ক্ষুদ্র সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় রক্ষা এবং প্রচারে বাংলাদেশ সরকার সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
সচিবের বক্তব্যে বাংলাদেশের বহুসংস্কৃতির সুরক্ষা, অংশগ্রহণমূলক উন্নয়ন এবং সম্প্রীতির পরিবেশ গঠনে সরকারের অঙ্গীকার আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন, ২৪ এপ্রিল ২০২৫
