Home জাতীয় ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি ও ভেজাল তেল জব্দ

ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি ও ভেজাল তেল জব্দ

৬টি দোকানে অভিযান চালিয়ে উদ্ধার প্রায় ৩ হাজার ৭৫০ লিটার তেল, বাজারমূল্য প্রায় ৫.৪ লাখ টাকা

0

রূপালীদেশ ডেস্ক:

ভোলার দৌলতখানে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানাধীন বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার ৬টি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভেজাল ভোজ্য তেল বিনষ্ট করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version