ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রাম ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশনের দ্বিতীয় সম্মেলন ও পুণর্মিলনী-২০২৫ শনিবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ‘সুইস পার্কে’ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র অধ্যক্ষ আমিরুজ্জামান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি সাহিত্য বিভাগের প্রফেসর ও ইসলামি ব্যাংকসমূহের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মাদ্রাসার প্রাক্তন ছাত্র ডক্টর গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও নজরুল গবেষণা কেন্দ্রর পরিচালক ডক্টর ফরিদুদ্দিন ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১ সন্দ্বীপ থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দিদারুল আলম মজুমদার।
এতে মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে অনুষ্ঠান স্থলে উপস্থিত হতে থাকেন। মধ্যাহ্ন ভোজের আগেই অনুষ্ঠান কানায় কানায় পূর্ণ হয়। এসময় তারা একে একে নিজের প্রাণের প্রতিষ্ঠানের স্মৃতিচারণ, আবেগ, অনুভূতির বহিঃপ্রকাশ করতে থাকেন। অনুষ্ঠানে দেখা যায়নি ছাত্র-শিক্ষক কোনো ভেদাভেদ। সবাই নিজেকে প্রাক্তন ছাত্র বলেই পরিচয় দিতে গর্ববোধ করছিলেন।
স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগতাড়ি হয়ে পড়েন। এসময় তারা পরবর্তী সম্মেলন ও পুণর্মিলনী মাদ্রাসা প্রাঙ্গণে করারও দাবি জানান।
সবশেষে অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। পরবর্তী দু’বছরের জন্য সবার মৌখিক ভোটে সভাপতি নির্বাচিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর গিয়াস উদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ফরিদুদ্দিন ফারুক। পর্ষদের বাকী সদস্যদের নির্বাচিত করার জন্য সম্মেলনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্ষমতা দেয়া হয়।
